জাতিসংঘের নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডার বাস্তবায়নে ইউএন উইমেনের আরও ঘনিষ্ঠ ও ফলপ্রসূ সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। ১৯ জুন নিউইয়র্কে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এ আহ্বান জানান।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নারীর ক্ষমতায়নে বাংলাদেশের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী উদ্যোগে দেশে নারীদের জন্য অবৈতনিক শিক্ষা প্রবর্তনের বিষয়টি স্মরণ করেন এবং বর্তমান সরকারের অধীনে মেয়েদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণসহ নারীর ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউস নারীর ক্ষমতায়নে ও লিঙ্গসমতা প্রতিষ্ঠায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের নির্বাচনে অভিনন্দন জানান এবং নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ইউএন উইমেনের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। এছাড়াও তিনি শান্তি প্রতিষ্ঠা ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারীদের গুরুত্বপূর্ণ অবদানেরও ভূয়সী প্রশংসা করেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গা নারী ও কন্যাশিশুদের জন্য মানবিক সহায়তা কর্মসূচিতে অর্থায়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবর্তনের আহ্বান জানান।
Photo credit : Press Wing, Permanent Mission of Bangladesh to the United Nations.
- নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
- নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন
- নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন
- নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি
- New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse
- নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের
- নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

