ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসীর ছেলের রহস্যজনক মৃত্যু; নিউইয়র্কে জাতিসংঘের সামনে তদন্ত ও বিচারের দাবিতে প্রবাসীদের মানববন্ধন
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : ঢাকায় যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী আবদুল মালেকের ছেলে শিহাব উদ্দিন মালেক সাগরের (৩৬) রহস্যজনক মৃত্যুকে ঘিরে উত্তাপ ছড়িয়েছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন, নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন প্রবাসীরা।
২৪ সেপ্টেম্বর আয়োজিত কর্মসূচিতে নিহতের স্বজন, সন্দ্বীপের প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, সাগরের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চূড়ান্তভাবে ধরে নেওয়ার আগে ঘটনাটির সব দিক গভীরভাবে তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে তারা তদন্তে কোনো ধরনের গাফিলতি বা প্রভাব যেন না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে সাগরের চাচা ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আনোয়ার হোসেন সিপিএ জানান, গত ২০ আগস্ট ঢাকার ভাটারা থানা এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে সাগরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে। পরিবারের দাবি, ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা জরুরি।
মানববন্ধনে সাগরের চাচা আনোয়ার হোসেন সিপিএ অভিযোগ করেন, সাগরকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে তদন্তের চূড়ান্ত কোনো ফল এখনো প্রকাশিত হয়নি। তিনি ঘটনার সময় অ্যাপার্টমেন্টে অবস্থানরত ব্যক্তিদের পাশাপাশি মৃত্যুর আগে ও পরে সাগরের সঙ্গে যাদের যোগাযোগ হয়েছিল, তাদের জিজ্ঞাসাবাদের দাবি জানান।
বক্তারা বিশেষভাবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন, ঘটনাস্থলের আলামত, ডিজিটাল যোগাযোগের রেকর্ড এবং অন্যান্য পারিপার্শ্বিক তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের দাবি জানান। তাদের বক্তব্য, এসব তথ্য পর্যালোচনার মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব।
কর্মসূচিতে সন্দ্বীপ সোসাইটির সাবেক সভাপতি ও বর্তমান ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ, মেরিন ক্যাপ্টেন ও এনজে পোর্ট অথরিটি উপদেষ্টা সৈয়দ আই হোসেন, ড. হোসনেরা মালেক, সন্দ্বীপ সোসাইটি ইউএসএর সভাপতি ফিরোজ আহমেদ এবং নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন মাসুদ রানা তপন বক্তব্য দেন।
বক্তারা সাগরের মৃত্যুর রহস্য দ্রুত উদঘাটন, তদন্তের ফল যথাযথভাবে প্রকাশ এবং কোনো অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে তারা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধন শেষে বক্তারা সাগরের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসরণের প্রত্যয় ব্যক্ত করেন।
- জাতিসংঘে ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা
- নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ভবিষ্যতে কমিউনিটির সঙ্গে আলোচনা করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে
- নিউইয়র্কে প্রাক্তন চুয়েট অধ্যাপক সুদীপ্ত দেবের পিতা অধ্যক্ষ সুশান্ত দেবের পরলোক গমন
- প্রধানমন্ত্রী তারেকের সাক্ষাৎ ঘিরে ক্ষোভ, গ্র্যান্ড হায়াতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে ঘিরে হট্টগোল
- FORMER POSTAL WORKER CHARGED WITH CASHING STOLEN U.S. TREASURY CHECKS
- New York Attorney General James Calls on Congress to Protect Americans from Unchecked AI Development
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন: নতুন কমিটি ঘোষণা, ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়ার দাবি
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার যাত্রা শুরু

