নিউইয়র্কের ওজন পার্কে আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র ঈদে মীলাদুন্নবী র্যালি ও মাহফিল
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : প্রিয়নবী হযরত মুহাম্মদ এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও তাঁর মহান আদর্শে নতুন প্রজন্মকে উজ্জীবিত করার বার্তায় নিউইয়র্কের ওজন পার্কের রাজপথে নেমেছিল ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। নাতে রাসূল, কাসীদা, দরুদ ও সালাত-সালামে মুখরিত বর্ণাঢ্য মুবারক র্যালির মধ্য দিয়ে পবিত্র ঈদে মীলাদুন্নবী উদযাপন করেছে আনজুমানে আল ইসলাহ ইউএসএ। দিনব্যাপী ইয়ুথ প্রোগ্রাম, আলোচনা সভা, র্যালি ও ধর্মীয় মাহফিলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আগত বিপুলসংখ্যক আশিকানে মুস্তফা অংশ নেন।
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, নিউইয়র্কের ওজন পার্কের ফুলতলী জামে মসজিদকে কেন্দ্র করে অনুষ্ঠিত এ আয়োজন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয় বৃহৎ মুসলিম সমাবেশে।
বিকেল ৪টা থেকে আসরের নামাজের আগ পর্যন্ত অনুষ্ঠিত ইয়ুথ প্রোগ্রাম ও আলোচনা সভায় প্রিয়নবী হযরত মুহাম্মদ মোস্তফা ﷺ-এর পবিত্র জীবন, মহান আদর্শ, অনুপম চরিত্র এবং মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা করেন আল ইসলাহ ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, রাসূলুল্লাহ-এর শিক্ষা শুধু ধর্মীয় জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনন্য দিকনির্দেশনা রয়েছে তাঁর জীবনে।
তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ-এর মহান আদর্শ অনুসরণের বিকল্প নেই। বিশেষ করে নতুন প্রজন্মের সামনে তাঁর জীবন ও চরিত্রকে তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বাদ আসর শুরু হয় দিনের সবচেয়ে আকর্ষণীয় কর্মসূচি—বর্ণাঢ্য মুবারক র্যালি। ফুলতলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালিটি ওজন পার্ক এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র্যালিতে অংশগ্রহণকারীদের কণ্ঠে সমস্বরে নাতে রাসূল, কাসীদা ও প্রশংসাগীতিতে মুখরিত হয়ে ওঠে এলাকার রাজপথ। অংশগ্রহণকারীরা দরুদ ও সালাত-সালাম পাঠ করেন। প্রিয়নবী -এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাঁর মহান শিক্ষা ও আদর্শের বার্তাসংবলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে সজ্জিত ছিল পুরো র্যালি।
আয়োজকরা বলেন, রাসূলুল্লাহ-এর প্রতি ভালোবাসা মুমিনের ঈমানি চেতনার গুরুত্বপূর্ণ অংশ। তাঁর মহান শিক্ষা, চরিত্র ও মানবিক মূল্যবোধ সমাজে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের সামনে ইসলামের শান্তি, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
র্যালি শেষে বাদ মাগরিব ফুলতলী জামে মসজিদে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মাহফিল। এতে সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ সেন্ট্রাল কমিটির সভাপতি প্রিন্সিপাল মাওলানা এম. এ. নূর। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা শাব্বীর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা কাওছার আহমদ।
অনুষ্ঠানে আনজুমানে আল ইসলাহ ইউএসএ-এর কেন্দ্রীয় ও বিভিন্ন স্টেট শাখার নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মসজিদ ও ইসলামিক প্রতিষ্ঠানের দায়িত্বশীল এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইয়াকুব এবং নাতে রাসূল পরিবেশন করেন হাফিজ মহসিন হুদা।
আয়োজন সফল করতে সহযোগিতা করায় বিভিন্ন স্টেট থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান প্রিন্সিপাল মাওলানা এম. এ. নূর ও মাওলানা শাব্বীর আহমদ।
তারা বলেন, সম্মিলিত সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও প্রিয়নবী হযরত মুহাম্মদ-এর মহান আদর্শ, শিক্ষা, চরিত্র ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে আনজুমানে আল ইসলাহ ইউএসএ এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

