নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর; ব্রুকলিনের ফিউনারেল হোমে মরদেহ, দেশে পাঠানোর প্রস্তুতি
নিউজ২৪ইউএস.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। বুধবার রাতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। নিখোঁজ হওয়ার দিন শনিবারই তাঁর মৃত্যু হয়েছিল বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।
কয়েক দিন ধরে কুইন্সের কিউ গার্ডেনের বাসা থেকে নিখোঁজ ছিলেন খোকন। একা বসবাস করায় তাঁর সঙ্গে যোগাযোগ না হওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিচিতজনেরা। স্বজন ও পরিচিতরা বিভিন্নভাবে তাঁর সন্ধান শুরু করেন। পরে বুধবার রাতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর নিখোঁজের ঘটনাটির অবসান ঘটে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান জানান, গত শনিবার বিকেলে কাজের উদ্দেশ্যে কিউ গার্ডেনের বাসা থেকে বের হয়েছিলেন খোকন। পরে উডহ্যাভেনের একটি বাসস্ট্যান্ড এলাকায় তিনি অসুস্থ হয়ে পড়েন। সেখানে উপস্থিত মো. উদ্দিন নামে এক বাংলাদেশি জরুরি নম্বর ৯১১-এ ফোন করেন। পরে জরুরি সেবাকর্মীরা তাঁকে নিউইয়র্ক সিটির জ্যামাইকা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
তবে হাসপাতালে তাঁর সঙ্গে কোনো স্বজন ছিলেন না। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করার মতো প্রয়োজনীয় তথ্যও পাওয়া যায়নি। ফলে পরবর্তী প্রক্রিয়ার জন্য মরদেহ সংশ্লিষ্ট মেডিকেল এক্সামিনার ও ফিউনারেল ব্যবস্থাপনার আওতায় নেওয়া হয়। পরে মরদেহটি ব্রুকলিনের ৫৯৯ উইনথ্রপ স্ট্রিটের সংশ্লিষ্ট ফিউনারেল ব্যবস্থাপনা কেন্দ্রে রাখা হয়। বুধবার রাত পর্যন্ত সেখানেই তাঁর মরদেহ ছিল বলে জানা গেছে।
মহিউদ্দিন দেওয়ান জানান, বৃহস্পতিবার সকালে খোকনের মরদেহ ব্রুকলিনের একটি ফিউনারেল হোমে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
দীর্ঘদিন নিউইয়র্কে বসবাসকারী খোকন স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কর্মজীবনে তিনি খামারবাড়ি গ্রোসারি ও নবান্ন রেস্টুরেন্টসংলগ্ন অবকাশ স্টোরে কাজ করতেন বলে পরিচিতজনেরা জানিয়েছেন। প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও তাঁর অভিবাসনসংক্রান্ত কাগজপত্র সম্পূর্ণ হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বাংলাদেশের মাগুরা জেলার আলোকদিয়ায় খোকনের গ্রামের বাড়ি। তিনি অবিবাহিত ছিলেন। দেশে তাঁর দুই ভাই রয়েছেন বলে জানা গেছে। পরিচিতজনেরা জানান, শারীরিকভাবেও তিনি কিছুটা অসুস্থ ছিলেন।
খোকনের আকস্মিক মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মরদেহ শনাক্তকরণ, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন এবং পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
- New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
- নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক, মনোজ্ঞ সংগীত পরিবেশনা
- নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর; ব্রুকলিনের ফিউনারেল হোমে মরদেহ, দেশে পাঠানোর প্রস্তুতি
- ইসলামে দান-সদকার ফজিলত
- জ্যাকসন হাইটসের পরিচিত মুখ কাজী আজিজুল হক খোকন নিখোঁজ, বাসায় পুলিশ গেলেও মেলেনি সন্ধান, হাসপাতালে খোঁজ করেও ব্যর্থ স্বজন-পরিচিতরা
- যুক্তরাষ্ট্রকে সমৃদ্ধ করছে বাংলাদেশি কমিউনিটি: টাইম টিভির এক যুগ ও বাংলা পত্রিকার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে হাকিম জেফ্রিস
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT

