Tuesday, 6 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভায় তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: September 8, 2026 | 2:11 am

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনটির ভবিষ্যৎ নেতৃত্ব, নির্বাচন প্রক্রিয়া, আর্থিক ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ নিয়ে মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অভিজ্ঞ নেতৃত্বের পাশাপাশি তরুণ প্রজন্মকে নেতৃত্বে আসার সুযোগ দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বক্তারা।

‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি আমরা দেখতে চাই’ শীর্ষক এ মতবিনিময় সভা গত ২১ আগস্ট জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট, শিক্ষাবিদ ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড-এর প্রেসিডেন্ট ও অনুষ্ঠানের আহ্বায়ক প্রকৌশলী আবদুস সোবহান। তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশ সোসাইটিকে কেমন সংগঠন হিসেবে দেখতে চায় কমিউনিটি, বর্তমান কার্যক্রমে কী ধরনের পরিবর্তন ও উন্নয়ন প্রয়োজন এবং নির্বাচিত নেতৃত্ব কীভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করতে পারে—এসব বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, আলোচনায় অভিজ্ঞ নেতা ও কমিউনিটির প্রতিনিধিদের মতামত ভবিষ্যৎ নেতৃত্বের জন্য একটি কার্যকর দিকনির্দেশনা হিসেবে কাজ করতে পারে।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে দীর্ঘদিন ধরে একই ব্যক্তি বা একই প্যানেলের সদস্যদের পুনরাবৃত্তি না ঘটিয়ে নতুন প্রজন্মের জন্য নেতৃত্বের সুযোগ তৈরি করা প্রয়োজন। তবে একই সঙ্গে অভিজ্ঞ নেতৃত্বের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

বক্তারা অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি কার্যকর নেতৃত্ব কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। তাদের মতে, নতুন প্রজন্মকে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত করা গেলে ভবিষ্যতে বাংলাদেশ সোসাইটির নেতৃত্বের ধারাবাহিকতা আরও শক্তিশালী হবে।

সভায় বাংলাদেশ সোসাইটির বর্তমান ভোটার রেজিস্ট্রেশন পদ্ধতি, নির্বাচনী প্রক্রিয়া, নেতৃত্ব নির্বাচনের কাঠামো এবং প্রার্থীদের যোগ্যতা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের দক্ষতা এবং কমিউনিটির প্রতি দায়বদ্ধতাকে নির্বাচনী আলোচনায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনায় প্রার্থীদের সরাসরি নির্বাচনী বিতর্কে অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পায়। অনুষ্ঠানের আয়োজকদের পরিচালিত একটি মতামত জরিপে ৩৯ জনের মধ্যে ৩৮ জনই প্রার্থীদের নির্বাচনী আলোচনা বা বিতর্কে অংশগ্রহণের পক্ষে মত দেন।

অনুষ্ঠানের আহ্বায়ক প্রকৌশলী আবদুস সোবহান বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই দলের প্রধানদের নিয়ে একটি নির্বাচনী বিতর্ক আয়োজনের প্রস্তাব দেন। আয়োজকদের দাবি, উভয় পক্ষ থেকেই এ ধরনের আলোচনায় অংশ নেওয়ার ব্যাপারে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, দুই প্যানেল থেকে দুজন করে মোট চারজন প্রতিনিধি আলোচনায় অংশ নেবেন। পাশাপাশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্য থেকে প্রায় ১৫ জন স্টুডিওতে উপস্থিত থেকে আলোচনায় মতামত ও মূল্যায়নে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

এ বিষয়ে টিবিএন২৪সহ সংশ্লিষ্ট গণমাধ্যমের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে বিতর্কের তারিখ ও বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সোসাইটির আর্থিক ব্যবস্থাপনা নিয়েও সভায় বিভিন্ন প্রশ্ন ও মতামত উঠে আসে। বক্তারা সংগঠনের অর্থনৈতিক কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেন।

তাদের মতে, একটি বৃহৎ কমিউনিটি সংগঠন হিসেবে বাংলাদেশ সোসাইটির আয়-ব্যয়, আর্থিক সিদ্ধান্ত এবং সাংগঠনিক কার্যক্রমে সদস্যদের আস্থা নিশ্চিত করা জরুরি। এ জন্য কার্যকর স্বচ্ছতা ও জবাবদিহিতার কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড-এর উদ্যোগে ‘একনজরে বাংলাদেশ সোসাইটি’ নামে একটি তথ্যসংকলন প্রকাশের উদ্যোগও তুলে ধরা হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এতে বাংলাদেশ সোসাইটির বিভিন্ন সময়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম, দায়িত্ব পালনের সময়কাল ও ছবি সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ সোসাইটির ইতিহাস, নেতৃত্বের ধারাবাহিকতা ও সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে ভবিষ্যতে তথ্য জানার ক্ষেত্রে এটি একটি সহায়ক দলিল হিসেবে ভূমিকা রাখতে পারে বলে আয়োজকরা মনে করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি একটি বড় ও গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী। এই বিশাল জনগোষ্ঠীর শক্তিকে শুধু নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ না রেখে শিক্ষা, সামাজিক উন্নয়ন, তরুণদের বিকাশ, নাগরিক সম্পৃক্ততা ও কল্যাণমূলক কার্যক্রমে কাজে লাগানো প্রয়োজন।

তারা বলেন, বাংলাদেশ সোসাইটির মতো একটি প্রতিষ্ঠিত কমিউনিটি সংগঠনকে আরও কার্যকর করতে হলে সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, তরুণদের সম্পৃক্ততা এবং নেতৃত্বের জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

মতবিনিময় সভায় মূল বক্তা হিসেবে বক্তব্য দেন মনমাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ও ডিন ড. গোলাম এম. মাতবর। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ, বাংলাদেশ সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার নাসির খান পল, জেবিবিএর সভাপতি গিয়াস আহমেদ, ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল ইনকের চেয়ারম্যান ও ডেমোক্র্যাটিক ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ মঈন চৌধুরী, এস্কোয়ার, আরএলবি গ্রুপ ইউএসএর সভাপতি ও যুক্তরাষ্ট্রের মূলধারার নেতা আখতার হোসেন বাদল, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ড সদস্য আহসান হাবিব, ডব্লিউএইচআরডির সভাপতি শাহ শহীদুল হক, ট্রাস্টি বোর্ড সদস্য ফখরুল ইসলাম দেলোয়ার ও কাজী সাখাওয়াত হোসেন আজম, স্মার্ট টেক আইটি সলিউশনসের সিইও সারোয়ার আহমেদ, বাংলাদেশ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক মো. বাবুল চৌধুরী, এবং বাংলাদেশ সোসাইটির সাবেক স্কুল সেক্রেটারি ফারহানা চৌধুরীসহ অন্যরা।

অনুষ্ঠানে ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড-এর পরিচালক ও ইভেন্ট সদস্য-সচিব মো. মাহবুবুর রহমানও বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া।

ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড-এর পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজন কোনো ব্যক্তি, প্যানেল বা নির্বাচনী পক্ষের পক্ষে-বিপক্ষে অবস্থান নেওয়ার উদ্দেশ্যে করা হয়নি। সংগঠনটির মূল লক্ষ্য হলো উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির কল্যাণে ইতিবাচক আলোচনা তৈরি করা।

আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের মুক্ত ও গঠনমূলক আলোচনা বাংলাদেশ সোসাইটির ভবিষ্যৎ নেতৃত্বকে আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে এবং নির্বাচিত প্রতিনিধিরা নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কল্যাণ ও উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ