নির্বাচনে নারীর নিরাপদ ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়।
আজ বুধবার বেলা দুইটায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এই আহ্বান পুনর্ব্যক্ত করে সংস্থাটি।
জাতিসংঘ জানায়, নির্বাচনে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে সব নারী ও মেয়ের অধিকার অন্তর্ভুক্ত—বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষসহ সমাজে যাঁরা বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে রয়েছেন।
নির্বাচনের আগে নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানি—বিশেষ করে অনলাইন সহিংসতা—নিয়ে যে উদ্বেগ জানিয়েছে, সে বিষয়েও জাতিসংঘ অবগত বলে উল্লেখ করা হয়।
সংস্থাটি জানায়, রাজনৈতিক নেতা–কর্মী, সাংবাদিক ও মানবাধিকারকর্মীসহ জনজীবনে সক্রিয় নারীরা সাইবার বুলিং, ডিপফেক, পরিকল্পিত হয়রানি, ছবি বিকৃত করে অপব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ কনটেন্ট ছড়ানোর মতো ঘটনার ঝুঁকির কথা তুলে ধরছেন।
জাতিসংঘ জানায়, নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে এবং নারী অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকেও সহায়তা দিচ্ছে।
একই সঙ্গে নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
রাজনৈতিক নেতা, দল ও তাদের সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘ বলেছে, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো ধরনের হয়রানি, সহিংসতা বা ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকতে হবে। নারী প্রার্থী ও ভোটারদের অংশগ্রহণ ও নিরাপত্তা একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য।
বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন ও সবার অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে সবার নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় সরকারের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
- নিউইয়র্কের ওজনপার্কে খলিল বিরিয়ানির নতুন শাখা: দেশীয় খাবারের চাহিদা বিবেচনায় নতুন উদ্যোগ, মান ও সেবায় গুরুত্ব
- BOROUGH PRESIDENT GIBSON CELEBRATES BRONX COMMUNITY DISTRICTS AMONG NYC`S LEADING CONTRIBUTORS TO HOUSING DEVELOPMENT
- New York Attorney General James Challenges Federal Rollback of Fuel Economy Standards
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলা স্কুলের তৃতীয় শাখা চালু; বিভিন্ন এলাকায় আরও শাখা খোলার পরিকল্পনা বাংলাদেশ সোসাইটির
- নিউইয়র্কে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড

