প্রধানমন্ত্রী তারেকের সাক্ষাৎ ঘিরে ক্ষোভ, গ্র্যান্ড হায়াতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে ঘিরে হট্টগোল
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে নিউইয়র্কের হোটেল গ্র্যান্ড হায়াতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে ঘিরে উত্তেজনা ও হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শামা ওবায়েদের ছেলেকেও ধাক্কাধাক্কির মুখে পড়তে হয় বলে একটি ভিডিও ফুটেজে দেখা গেছে।
ঘটনার ভিডিওতে কয়েকজনকে উত্তেজিত অবস্থায় শামা ওবায়েদকে উদ্দেশ করে অশালীন ভাষায় কথা বলতে দেখা যায়। পেছন থেকে একজনকে তাকে মারার কথা বলতেও শোনা যায়। ঘটনার সময় শামা ওবায়েদ লিফটের ভেতরে ছিলেন বলে ভিডিও-সংশ্লিষ্ট বর্ণনায় জানা গেছে। একই সময়ে তার পরিবারের সদস্যরা লিফটের বাইরে অবস্থান করছিলেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার ছেলে এগিয়ে এসে বলেন, ‘আমার মা এইটা।’ এরপর ভিডিওতে তাকে কয়েকজনের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়তে দেখা যায়। একপর্যায়ে একজন তাকে ধাক্কা দেন বলে ভিডিওতে দৃশ্যমান। ঘটনার শেষদিকে এক নারীও তার ছেলেকে পেছন থেকে ধাক্কা দিতে থাকেন বলে ফুটেজে দেখা যায়।
তবে ভিডিওতে ধারণ করা দৃশ্যের বাইরে ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং কারা কী কারণে ওই পরিস্থিতি তৈরি করেছিলেন—তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা শামা ওবায়েদের পক্ষ থেকে এ ঘটনার বিস্তারিত ব্যাখ্যাও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর ঘিরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের মধ্যে আগে থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিউইয়র্কে আসেন। তাদের প্রধান প্রত্যাশা ছিল দলীয় প্রধানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়।
গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে দীর্ঘ সময় অপেক্ষা করেন অনেকে। কিন্তু শেষ পর্যন্ত হাতেগোনা কয়েকজন ও দলীয়ভাবে নির্ধারিত ব্যক্তিরা সাক্ষাতের সুযোগ পেলেও বিপুলসংখ্যক নেতা-কর্মী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেননি বলে তারা জানান।
এ নিয়ে হোটেল এলাকায় ক্রমেই অসন্তোষ বাড়তে থাকে। দূর-দূরান্ত থেকে আসা নেতা-কর্মীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, সাক্ষাৎপ্রক্রিয়ায় সমন্বয় ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়নি।
বিশেষ করে বহু বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে ঘিরে তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল, সাক্ষাৎ না পাওয়ার ঘটনায় তা হতাশায় রূপ নেয়। সেই উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যেই শামা ওবায়েদকে ঘিরে এ ঘটনার সূত্রপাত বলে সংশ্লিষ্টদের বর্ণনায় উঠে এসেছে।
নিউইয়র্ক সফরের শেষদিকে গ্র্যান্ড হায়াতের ঘটনাটি যুক্তরাষ্ট্র বিএনপির অভ্যন্তরীণ অসন্তোষ ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন সামনে এনেছে।
- জাতিসংঘে ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা
- নিউইয়র্কের ব্রুকলীনে কুনু-ফিরোজ প্যানেলের নির্বাচনী সভা: ভবিষ্যতে কমিউনিটির সঙ্গে আলোচনা করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে
- নিউইয়র্কে প্রাক্তন চুয়েট অধ্যাপক সুদীপ্ত দেবের পিতা অধ্যক্ষ সুশান্ত দেবের পরলোক গমন
- প্রধানমন্ত্রী তারেকের সাক্ষাৎ ঘিরে ক্ষোভ, গ্র্যান্ড হায়াতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে ঘিরে হট্টগোল
- FORMER POSTAL WORKER CHARGED WITH CASHING STOLEN U.S. TREASURY CHECKS
- New York Attorney General James Calls on Congress to Protect Americans from Unchecked AI Development
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন: নতুন কমিটি ঘোষণা, ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার মর্যাদা দেওয়ার দাবি
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে আড্ডা রেস্টুরেন্টের দ্বিতীয় শাখার যাত্রা শুরু

