বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ ও ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখতে নিউইয়র্কে সংবাদ সম্মেলন
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনার বিচার, মুক্তিযোদ্ধাদের ওপর হামলা, নির্যাতন ও অপমানের প্রতিবাদ এবং ঢাকা সেনানিবাসে মহান মুক্তিযুদ্ধের স্মারক ‘শিখা অনির্বাণ’ পুনরায় প্রজ্জ্বলনের দাবিতে নিউইয়র্কে সংবাদ সম্মেলন করেছে ‘জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, ইউএসএ।
গত ৩০ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর ও সাধারণ সম্পাদক মো. মনজুর চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করেন। পরে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
লিখিত বক্তব্যে পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফন নিয়ে সৃষ্ট পরিস্থিতিকে জাতির জন্য উদ্বেগজনক ও লজ্জাজনক আখ্যায়িত করে এর সুষ্ঠু বিচার দাবি করা হয়। এ ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের আহ্বান জানায় সংগঠনটি। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের হত্যা, হামলা, নির্যাতন ও অপমানের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়ে এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখেছেন। তাঁদের আত্মত্যাগ ও বীরত্ব জাতির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। অথচ স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী ও দেশমাতৃকার জন্য লড়াই করা মুক্তিযোদ্ধাদের অসম্মান ও নির্যাতনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
‘শিখা অনির্বাণ’ পুনঃপ্রজ্জ্বলনের দাবিও সংবাদ সম্মেলনে বিশেষ গুরুত্ব পায়। লিখিত বক্তব্যে বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের স্মারক এই শিখা। এটি কেবল সামরিক সদস্যদের আত্মত্যাগের প্রতীক নয়; স্বাধীনতা, মর্যাদা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের জন্য বাঙালি জাতির সংগ্রামেরও গুরুত্বপূর্ণ স্মারক।
তাই ঢাকা সেনানিবাসে ‘শিখা অনির্বাণ’ স্থায়ীভাবে পুনরুদ্ধার এবং সার্বক্ষণিক প্রজ্জ্বলন নিশ্চিত করার দাবি জানান সংগঠনের নেতারা। এ উদ্যোগ বাস্তবায়নে আর্থিক সীমাবদ্ধতা থাকলে ‘জেনোসাইড ’৭১ ফাউন্ডেশন, ইউএসএ’ অনুদান প্রদান কিংবা তহবিল সংগ্রহে সহযোগিতা করতে প্রস্তুত বলেও লিখিত বক্তব্যে জানানো হয়।
দাবিগুলো বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন ও শক্তিকে সঙ্গে নিয়ে নিউইয়র্কে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতারা। পাশাপাশি নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকারের কাছে স্মারকলিপি দেওয়ার কথাও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পূর্বাঞ্চল)-এর যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, মকবুল হোসেন তালুকদার, শওকত আকবর রিচি ও খুরশীদ আনোয়ার বাবলু, অ্যাডভোকেট জাকির হোসেন, যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল আহমেদ, সহসভাপতি টি. মোল্লা, যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম ’৭১, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ নেতা শিবলী সাদিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কাজল মাহমুদ, কৃষিবিদ মিজানুর রহমান, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন জয় (জেড. এ. জয়), সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ. মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান রীনা আবেদীন ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট শক্তি দাসগুপ্তসহ অন্যরা।
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ ও ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখতে নিউইয়র্কে সংবাদ সম্মেলন
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- নিউইয়র্কে বিয়ানীবাজার সমিতির সাবেক উপদেষ্টা আব্দুল খালিক লালুর ইন্তেকাল
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্তের প্রতিটি স্তরে নারীর অংশগ্রহণ চাইলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা; মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ থাকছে নিবন্ধন কার্যক্রম, নতুন আইনি পদক্ষেপের ঘোষণা
- কূটনৈতিক তৎপরতায় সাফল্য, এলডিসি উত্তরণে ৩ বছর বাড়তি সময় পেল বাংলাদেশ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন সাত বিশিষ্ট ব্যক্তি

