Thursday, 19 November 2026 |
শিরোনাম
বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত, ১২৮ দেশের সমর্থন, বিপক্ষে ৬; প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের নিউ জার্সিতে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান New York Attorney General James Urges New York City Construction Workers to File Claims in $1.4 Million Alba Settlement নিউইয়র্কের ব্রঙ্কসে ‘চল চল ঢাকা চল’ স্লোগানে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের পথসভা নিউইয়র্কে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্মরণ সভায় ভার্চুয়ালি বক্তব্যে শেখ হাসিনা: তাঁর মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন ও আবাহনী ক্রীড়া চক্রের অপূরণীয় ক্ষতি হয়েছে FORMER CATHOLIC SCHOOL CONTRACTOR INDICTED FOR FALSIFYING TIME SHEETS AND STUDENT PROGRESS REPORTS New York Attorney General James Announces Creation of AI Safety, Standards, Enforcement, and Transparency Unit PM’s Adviser Zahir Uddin Swapan seeks stronger UNDP and UNFPA partnership for Bangladesh’s development priorities বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে নিউইয়র্কে সমাবেশ: ‘চল চল ঢাকা চল’ স্লোগানে ডিসেম্বরে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত
সব ক্যাটাগরি

বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত, ১২৮ দেশের সমর্থন, বিপক্ষে ৬; প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: November 19, 2026 | 2:26 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) যৌথ উদ্যোগে উত্থাপিত প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ। বিপক্ষে ভোট পড়ে ৬টি এবং ভোটদানে বিরত থাকে ৩৩টি দেশ। প্রস্তাবটি গৃহীত হওয়ার মধ্য দিয়ে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ জোরদারের দাবি আবারও সামনে এসেছে।

প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার নয় বছর পেরিয়ে গেলেও তাদের প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি হয়নি। বরং দীর্ঘায়িত এ বাস্তুচ্যুতির কারণে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

তিনি গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায়ের গুরুত্ব তুলে ধরে বলেন, রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে এ রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের অভিযোগ তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নির্বিঘ্ন করা এবং ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত মানবিক সহায়তা ও অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। রোহিঙ্গাদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের উপযোগী পরিবেশ তৈরির বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবটির কার্যকর বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানান রাষ্ট্রদূত সঞ্চিতা হক। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে; তাই এর স্থায়ী সমাধানও মিয়ানমারেই খুঁজে বের করতে হবে।

এদিকে, প্রস্তাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) উল্লেখ থাকায় যুক্তরাষ্ট্র এর ওপর ভোটাভুটির আহ্বান জানায়। ভোটের ব্যাখ্যায় যুক্তরাষ্ট্র জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিষয়ে দেশটির একটি সাধারণ আপত্তি রয়েছে। তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলেও স্পষ্ট করে দেশটি।

একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা, মানবিকতা ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।

জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল ভোটে প্রস্তাবটি গৃহীত হওয়াকে রোহিঙ্গা সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত মনোযোগ ও সমর্থনের গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। তবে প্রস্তাবের বাস্তবায়ন, মিয়ানমারে অনুকূল পরিবেশ সৃষ্টি এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
Photo credit : Press Wing, Permanent Mission of Bangladesh to the United Nation

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ