Monday, 16 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্ক স্টেট বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ : জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ইতিহাসে উজ্জ্বল অধ্যায় সৃষ্টি করেছেন-জহিরউদ্দিন স্বপন নিউইয়র্কে প্রবাসী সাংবাদিক ফোরামের মানববন্ধনে ইকবাল সোবহান চৌধুরীসহ গ্রেফতার সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি New York Attorney General James Reminds New Yorkers to Be Cautious in Charitable Giving When Supporting Victims of Brooklyn Building Collapse নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক ১৩ থেকে ২২ নভেম্বর দায়িত্ব পালন করবেন; জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জ্যামাইকায় ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’ : ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ, দেশীয় পণ্যের সমাহার নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম আহমেদ, সাধারণ সম্পাদক আল মামুন সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী
সব ক্যাটাগরি

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে : সাধারণ পরিষদে ভাষণ ২৪ সেপ্টেম্বর, ঢাকার উদ্দেশে রওনা ২৫ সেপ্টেম্বর রাতে

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: September 22, 2026 | 4:43 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীরা। ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করা ফ্লাইটটি নির্ধারিত সময়ের কাছাকাছি জেএফকে বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। পরে মোটর শোভাযাত্রা সহকারে তাঁকে ম্যানহাটনের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক হোটেলে নেওয়া হয়। সফরকালে এটিই তাঁর অবস্থানস্থল।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের কেন্দ্রবিন্দু ২৪ সেপ্টেম্বরের সাধারণ বিতর্কে তাঁর ভাষণ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বিশ্ব সংস্থাটির সাধারণ পরিষদে ভাষণ দেবেন তারেক রহমান। তাঁর বক্তব্যের সময় নিউইয়র্ক সময় বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত রয়েছে, যদিও সময়সূচিতে পরিবর্তন হতে পারে। ভাষণের জন্য তাঁকে ১৫ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে।

সফরের শুরুতেই মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজনে রাষ্ট্র ও সরকারপ্রধানদের জন্য দেওয়া স্বাগত প্রাতরাশে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর তিনি ৮১তম সাধারণ পরিষদের উদ্বোধনী কার্যক্রমে যোগ দেবেন এবং বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় ও সৌজন্য বৈঠকে অংশ নেবেন।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য, আন্তর্জাতিক সহযোগিতা এবং অর্থনৈতিক কূটনীতিসহ বিভিন্ন বিষয়ে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও অনুষ্ঠানে তাঁর অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে। বিভিন্ন দেশের সরকারপ্রধান এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে।

২৫ সেপ্টেম্বর নিউইয়র্কে সফরের শেষ দিনে ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকসহ আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর একই দিন রাত ১১টায় এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

প্রধানমন্ত্রীর এবারের নিউইয়র্ক সফর জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ জোরদারের সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ