আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
নিউজ২৪ইউএস.কম, নিউইয়র্ক : রাজনৈতিক তোষামোদ, ভুল তথ্য ও সত্য আড়ালের প্রবণতা গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত করে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পরিবর্তিত পাঠক-অভ্যাসের চাপে বিশ্বজুড়ে গণমাধ্যম নতুন বাস্তবতার মুখোমুখি। এমন প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার বিকল্প নেই বলে মত দিয়েছেন নিউইয়র্কে আয়োজিত এক সেমিনারে সাংবাদিক ও সংশ্লিষ্টরা।
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উডসাইডের গুলশান ট্যারেস মিলনায়তনে ‘বিশ্বব্যাপী মিডিয়া অস্তিত্ব সংকটে’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি, প্রবাসী বাংলা মিডিয়ার সংকট এবং প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার খাপ খাওয়ানোর বিষয় উঠে আসে।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শওকত ওসমান রচি। সঞ্চালনা করেন সাবেক সভাপতি দর্পণ কবীর। অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তূজা, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক ও প্রবীণ সাংবাদিক মনজুর আহমদ।
মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর ‘কেমন আছে বাংলাদেশি মিডিয়া’ শীর্ষক লেখা পাঠ করেন দর্পণ কবীর। আলোচনায় মনজুর আহমদ বলেন, গণমাধ্যমে অপপ্রচার, মিথ্যা সংবাদ কিংবা সত্য আড়াল করার চেষ্টা হলে মানুষ বিকল্প মাধ্যমের দিকে ঝুঁকবে। এতে মূলধারার গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমবে। সাংবাদিকদের সংবাদ লেখা ও পড়ার চর্চা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
গোলাম মোর্তূজা বলেন, বাংলাদেশের গণমাধ্যমের সংকটের জন্য মালিক ও সম্পাদকদের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। রাজনৈতিক তোষামোদ গণমাধ্যমের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে বলে তিনি মন্তব্য করেন। নিউইয়র্কের বাংলা গণমাধ্যমের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও তিনি উল্লেখ করেন।
কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, মানুষ সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জানতে চায়। সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে গণমাধ্যমকে নতুন প্রতিযোগিতা মোকাবিলা করতে হবে। ভুল সংবাদ প্রকাশিত হলে তা স্বীকার করে সংশোধন করাও সাংবাদিকতার দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন।
প্যানেল আলোচনায় সাঈদ তারেক, মঈনুদ্দীন নাসের, ডা. ওয়াজেদ এ খান, রতন তালুকদার, ইব্রাহিম চৌধুরী, মোহাম্মদ সাঈদ ও শোয়েব আহমেদ ভূঁইয়া বক্তব্য দেন। তাঁরা সাংবাদিকতায় সততা, তথ্য যাচাই, অনুসন্ধানী প্রতিবেদন এবং পেশাগত দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দেন। আলোচনায় উঠে আসে সাংবাদিকদের কর্মপরিবেশ ও বেতন-ভাতা সংকট, প্রবাসী বাংলা সংবাদপত্রের পাঠক কমে যাওয়া এবং এআইয়ের প্রভাবও।
ইব্রাহিম চৌধুরী বলেন, গণমাধ্যমের সংকটকে শুধু প্রযুক্তি বা এআইয়ের ওপর চাপালে মূল সমস্যাগুলো আড়ালে থেকে যায়। প্রযুক্তি, পাঠকের অভ্যাস ও গণমাধ্যমের ব্যবসায়িক মডেল—সবই বদলেছে। রতন তালুকদার বলেন, মিথ্যা তথ্য প্রকাশ ঠেকাতে গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে প্রেসক্লাবের ১৮ বছর পূর্তি উপলক্ষে স্মরণিকা ‘আলোকবর্তিকা’র মোড়ক উন্মোচন করা হয়। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং কণ্ঠশিল্পী এম. এ. সোয়েব ও অভিনেত্রী মৌসুমীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন এম. এ. সোয়েব ও টিনা রাসেল। অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি এবং প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ১৮ বছর পূর্তিতে সেমিনার: ‘রাজনৈতিক তোষামোদে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা কমে’
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আর্থিক হিসাব ও অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন: ৯ লাখ ১৯ হাজার ডলার গচ্ছিত থাকার দাবি, ৭ লাখ ২৫ হাজার ডলার ব্যয়ের অভিযোগ নাকচ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফি পরিশোধে নতুন নিয়ম: স্বশরীরে সেবায় মানি অর্ডার-চেক ও নগদ বন্ধ, শুধু ডেবিট-ক্রেডিট কার্ড
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি নির্বাচন ২০২৬; এস্টোরিয়ায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময় সভা
- বর্ণবৈষম্য অবসানের প্রতিশ্রুতি পূরণেএখনো অনেক দূরে বিশ্ব: জাতিসংঘে বাংলাদেশ রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে জবস এনওয়াইসি সেন্টার চালু: সরকারি চাকরির আবেদন থেকে সিভিল সার্ভিস পরীক্ষা—এক ঠিকানায় সহায়তা
- নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশ সোসাইটি ইনক’র বাংলা স্কুল উদ্বোধন।
- জাতিসংঘে ইউএনজিএ ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা

