Sunday, 29 November 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Passing of Senate Majority Leader Andrea Stewart-Cousins নিউইয়র্কে স্টার ফার্নিচারের বর্ণাঢ্য স্টার নাইট উদযাপন, ভ্যালি স্ট্রিমে নতুন শাখা উদ্বোধনের ঘোষণা যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস পালন, ৩৫ দেশের ডিফেন্স অ্যাটাশেদের অংশগ্রহণ ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা বললেন (ভার্চুয়াল) নিউইয়র্কের সেমিনারে; সাংবাদিকের প্রশ্নের জবাবে জানান, দেশে ফেরার জন্য সরকারের পক্ষ থেকে কোনো বার্তা পাননি যুক্তরাষ্ট্রে ১০ বছর ধরে বসবাসকারী নির্দিষ্ট অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার প্রস্তাব Bangladesh Armed Forces Embody Courage, Sacrifice and Commitment to Global Peace: Irene Khan The Architecture of Synergy: Bridging Cultures of Science, Liberal Arts, and Human Purpose in the AI Era CONSUMER ALERT:: New York Attorney General James Issues Tips for New Yorkers to Avoid Holiday Shopping Scams অধ্যাপক সুশান্ত রঞ্জন দেব ছিলেন আদর্শ, নৈতিকতা ও সুশিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত: নিউইয়র্কে নাগরিক শোকসভায় বক্তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: জাতিসংঘ রাষ্ট্রদূত আইরিন খান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্টার ফার্নিচারের বর্ণাঢ্য স্টার নাইট উদযাপন, ভ্যালি স্ট্রিমে নতুন শাখা উদ্বোধনের ঘোষণা

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: November 28, 2026 | 6:37 pm

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশি মালিকানাধীন অন্যতম সফল ব্যবসাপ্রতিষ্ঠান স্টার ফার্নিচারের ১৫ বছর পূর্তি উপলক্ষে লং আইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘কাস্টমার অ্যান্ড কমিউনিটি অ্যাপ্রিসিয়েশন স্টার নাইট’। গত ২০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় রয়্যাল পাম ব্যাংকুয়েট হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের দেড় দশকের ব্যবসায়িক সাফল্য উদযাপনের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়িক অংশীদার, ক্রেতা ও কমিউনিটির বিশিষ্টজনদের অবদানের স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিমে স্টার ফার্নিচারের নতুন বৃহৎ শোরুম চালুর ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ান।

আকর্ষণীয় সাজসজ্জা, অতিথিদের আন্তরিক অভ্যর্থনা, শুভেচ্ছা বক্তব্য, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা, কেক কাটা ও নৈশভোজের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় প্রতিষ্ঠানটির ১৫ বছর পূর্তি। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি ক্রেতা ও কমিউনিটির সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক এবং সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি দেওয়াই ছিল আয়োজনের মূল প্রতিপাদ্য।

অনুষ্ঠানে বক্তারা স্টার ফার্নিচারের ১৫ বছরের অগ্রযাত্রায় প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ানের নেতৃত্ব, ব্যবসায়িক দূরদর্শিতা এবং মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার দক্ষতার প্রশংসা করেন। তাঁদের মতে, রকি আলিয়ান কেবল একজন সফল ব্যবসায়ী নন; তাঁর সহজ-সরল আচরণ, সবাইকে সম্মান করার মানসিকতা এবং কমিউনিটির মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক তাঁকে বিশেষভাবে গ্রহণযোগ্য করে তুলেছে। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্প্রসারণের পাশাপাশি ক্রেতাদের আস্থা অর্জনেও এসব গুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

স্টার ফার্নিচারের সাফল্যের পেছনে নেতৃত্বের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার বিষয়টিও অনুষ্ঠানে বিশেষভাবে উঠে আসে। প্রতিষ্ঠাতা মোহাম্মদ দুলাল হোসাইন মলের উদ্যোগে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির ধারাবাহিক অগ্রযাত্রায় প্রেসিডেন্ট ও সিইও রকি আলিয়ানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন ভাইস প্রেসিডেন্ট সাবরিনা খান এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার আইরিন সাদিয়া।

রকি আলিয়ান তাঁর দুই ব্যবসায়িক অংশীদার সাবরিনা খান ও আইরিন সাদিয়ার অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তাঁদের পরিশ্রম, নিষ্ঠা, আন্তরিকতা ও প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতাকে স্টার ফার্নিচারের অগ্রগতি এবং ব্যবসায়িক সম্প্রসারণের অন্যতম ভিত্তি হিসেবে অভিহিত করেন তিনি।

এ সময় প্রতিষ্ঠানের বিভিন্ন শাখার ম্যানেজারদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাঁদের হাতে সম্মাননা ট্রফি তুলে দেওয়া হয়। প্রতিষ্ঠানের সাফল্যে কর্মীদের অবদানকে প্রকাশ্যে স্বীকৃতি দেওয়ার এ উদ্যোগ অতিথিদের প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন স্টার ফার্নিচারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দুলাল হোসেন মল। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ, সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান, তারেক হাসান খান, অ্যাটর্নি মঈন চৌধুরী, লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট এ জেড এম রাসেল, সংগঠনের সাবেক সভাপতি মোহাম্মদ সাঈদ, লায়ন মাসুদ রানা তপন প্রমুখ।

কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনার পাশাপাশি বিভিন্ন পর্যায়ে কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিদের হাতে স্টার ফার্নিচারের পক্ষ থেকে সম্মাননা ট্রফি তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সাফল্য শুধু উদ্যোক্তা কিংবা কর্মীদের একক অর্জন নয়; এর সঙ্গে ক্রেতা, শুভানুধ্যায়ী, ব্যবসায়িক অংশীদার এবং কমিউনিটির অসংখ্য মানুষের সহযোগিতা ও আস্থা জড়িয়ে থাকে। স্টার ফার্নিচারের এ আয়োজন ব্যবসা ও কমিউনিটির পারস্পরিক সম্পর্কের একটি ইতিবাচক দৃষ্টান্ত।

২০১১ সালে যাত্রা শুরু করা স্টার ফার্নিচার গত ১৫ বছরে একটি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান থেকে নিউইয়র্কের বিভিন্ন জাতিগোষ্ঠীর ক্রেতাদের কাছে পরিচিত ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০১২ সালে ব্রঙ্কসের পার্কচেস্টারে শোরুম প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানটির সম্প্রসারণ শুরু হয়। পরবর্তী সময়ে ২০১৫ সালে জ্যাকসন হাইটস, ২০১৭ সালে নর্থ ব্রঙ্কস ও রিচমন্ড হিলে নতুন শোরুম চালু করা হয়। ২০২৩ সালে যুক্ত হয় আরও একটি শোরুম। ২০২৪ সালে বাংলাদেশের শরীয়তপুরেও কার্যক্রম সম্প্রসারণ করে প্রতিষ্ঠানটি।

বর্তমানে যুক্তরাষ্ট্র, ইতালি, চীন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মেক্সিকো ও ব্রাজিলসহ বিশ্বের ২০টিরও বেশি দেশ থেকে সংগৃহীত বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে স্টার ফার্নিচারের পণ্যসম্ভারে। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ২০ হাজার ক্রেতা তাদের শোরুমগুলোতে আসেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল স্টার ফার্নিচারের ১৫ বছরের পথচলা নিয়ে নির্মিত বিশেষ ভিডিওচিত্র। বিশাল স্ক্রিনে প্রদর্শিত এসব ভিডিওতে প্রতিষ্ঠানের সূচনা, ব্যবসার ক্রমবিকাশ, শোরুম সম্প্রসারণ এবং সাফল্যের উল্লেখযোগ্য অধ্যায় তুলে ধরা হয়। এর মাধ্যমে অতিথিরা প্রতিষ্ঠানটির দেড় দশকের অগ্রযাত্রার একটি সামগ্রিক চিত্র দেখতে পান।

পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফাতেমা শাহাব রুমা। পাশাপাশি রকি আলিয়ান তাঁর স্বভাবসুলভ হাস্যরস, প্রাণবন্ত কথাবার্তা ও আন্তরিকতায় অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন। বিভিন্ন পর্বে তিনি ক্রেতা, ব্যবসায়িক অংশীদার, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, লেমন চৌধুরী, নাজু আখন্দ, কামরুজ্জামান বকুল, তৃণীয়া হাসান এবং জনি। তাঁদের পরিবেশনা অতিথিদের আনন্দিত করে। এ ছাড়া ‘বিউটিফুল লেডিস’-এর সিলভি ও নাদিয়ার উপহার দেওয়া বিশাল আকৃতির কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয় স্টার ফার্নিচারের ১৫ বছর পূর্তি। অতিথিদের জন্য রয়্যাল পাম ব্যাংকুয়েট হলের পক্ষ থেকে ছিল বিশেষ নৈশভোজের আয়োজন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা তুলে ধরেন রকি আলিয়ান। তিনি জানান, লং আইল্যান্ডের ভ্যালি স্ট্রিমে খুব শিগগিরই উদ্বোধন করা হবে স্টার ফার্নিচারের বিশাল আকারের নতুন একটি শাখা। এ শোরুম চালুর প্রস্তুতি ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

নতুন শাখা চালুর এ ঘোষণা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক সম্প্রসারণে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। সব মিলিয়ে স্টার ফার্নিচারের ১৫ বছর পূর্তির ‘স্টার নাইট’ হয়ে ওঠে ব্যবসায়িক সাফল্য, নেতৃত্ব, সম্মিলিত শ্রম, পারস্পরিক সম্মান এবং কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক বর্ণাঢ্য আয়োজন। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ক্রেতা, ব্যবসায়িক অংশীদার ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে এ উদযাপন নিউইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিয়ার একটি উল্লেখযোগ্য আয়োজনে পরিণত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ