Thursday, 26 November 2026 |
শিরোনাম
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা বললেন (ভার্চুয়াল) নিউইয়র্কের সেমিনারে; সাংবাদিকের প্রশ্নের জবাবে জানান, দেশে ফেরার জন্য সরকারের পক্ষ থেকে কোনো বার্তা পাননি যুক্তরাষ্ট্রে ১০ বছর ধরে বসবাসকারী নির্দিষ্ট অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার প্রস্তাব Bangladesh Armed Forces Embody Courage, Sacrifice and Commitment to Global Peace: Irene Khan The Architecture of Synergy: Bridging Cultures of Science, Liberal Arts, and Human Purpose in the AI Era CONSUMER ALERT:: New York Attorney General James Issues Tips for New Yorkers to Avoid Holiday Shopping Scams অধ্যাপক সুশান্ত রঞ্জন দেব ছিলেন আদর্শ, নৈতিকতা ও সুশিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত: নিউইয়র্কে নাগরিক শোকসভায় বক্তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: জাতিসংঘ রাষ্ট্রদূত আইরিন খান বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নিঃশর্ত মুক্তির দাবিতে নিউইয়র্কে সমাবেশ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ডিসেম্বরে নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে বিনামূল্যে সবজি ও ফলমূল বিতরণ: ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য দ্বিতীয় দফায় দ্বিগুণ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ১০ বছর ধরে বসবাসকারী নির্দিষ্ট অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার প্রস্তাব

অনলাইন ডেস্ক পঠিত: 26 বার

প্রকাশিত: November 25, 2026 | 9:09 pm

নিউজ২৪ইউএসএ.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে অন্তত ১০ বছর ধরে বসবাস করছেন এবং বহিষ্কারের চূড়ান্ত আদেশের আওতায় রয়েছেন—এমন নির্দিষ্ট অভিবাসীদের গ্রিন কার্ড বা বৈধ স্থায়ী বসবাসের সুযোগ দিতে নতুন একটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। এ লক্ষ্যে ‘প্রোটেক্ট আওয়ার নেইবারস অ্যাক্ট’ (Protect Our Neighbors Act) নামে একটি বিল উত্থাপন করা হয়েছে। প্রস্তাবটি আইনে পরিণত হলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী যোগ্য কিছু অভিবাসী বহিষ্কারের আদেশ থেকে মুক্তি পেয়ে বৈধ স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন।

গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি লতিফা সাইমন, জো লোফগ্রেন, জন গ্যারামেন্ডি ও হুয়ান ভার্গাস বিলটি উত্থাপন করেন। প্রস্তাবিত আইনে অ্যাটর্নি জেনারেল অথবা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সচিবকে নির্দিষ্ট শর্ত পূরণকারী অভিবাসীদের বহিষ্কারের চূড়ান্ত আদেশ বাতিল করে বৈধ স্থায়ী বসবাসের মর্যাদা দেওয়ার ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে।

বিলের শর্ত অনুযায়ী, সংশ্লিষ্ট অভিবাসীকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ জারির পর অন্তত ১০ বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হবে। এ সময়ে তাকে কর্তৃপক্ষের দেওয়া তদারকিমূলক নির্দেশনা ও শর্তসাপেক্ষ মুক্তির নিয়ম মেনে চলতে হবে। পাশাপাশি অভিবাসন কর্তৃপক্ষের নজরদারি এড়িয়ে আত্মগোপন করা যাবে না।

তবে প্রস্তাবিত সুবিধা সবার জন্য প্রযোজ্য হবে না। নির্দিষ্ট অপরাধে জড়িত, জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কিংবা ফেডারেল অভিবাসন আইনে উল্লেখিত অযোগ্যতার আওতায় থাকা ব্যক্তিরা এ সুযোগ পাবেন না। আবেদনকারীদের সর্বশেষ ফেডারেল আয়কর রিটার্নের সত্যায়িত কপি জমা দিতে হবে। এ প্রক্রিয়ায় আবেদন ফি সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার নির্ধারণের প্রস্তাবও রাখা হয়েছে।

বিলটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বহিষ্কারের চূড়ান্ত আদেশের মেয়াদ নির্ধারণ। প্রস্তাব অনুযায়ী, কোনো বহিষ্কার আদেশ ১০ বছর পর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদোত্তীর্ণ হবে। তবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ প্রয়োজন মনে করলে অভিবাসন আদালতের বিচারকের কাছে আদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে বিলম্বের যৌক্তিক কারণ ব্যাখ্যা করার পাশাপাশি মেয়াদ বাড়ানো জনস্বার্থে প্রয়োজন—তা প্রমাণ করতে হবে।

কোনো অভিবাসীর বহিষ্কারের আদেশ মেয়াদোত্তীর্ণ হওয়ার পর তা নবায়ন করা না হলে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস)-এর কাছে যোগ্যতা অনুযায়ী বৈধ অভিবাসন মর্যাদার জন্য আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে টানা অন্তত ১০ বছর যুক্তরাষ্ট্রে শারীরিকভাবে অবস্থান এবং নির্দিষ্ট অপরাধে দণ্ডিত না হওয়ার শর্ত পূরণ করতে হবে। বিশেষ করে এমন অপরাধে দণ্ডিত হওয়া যাবে না, যার সর্বোচ্চ সম্ভাব্য সাজা এক বছরের বেশি।

বিলটির প্রয়োজনীয়তা তুলে ধরতে আইনপ্রণেতারা ৭৩ বছর বয়সী হরজিৎ কাউরের ঘটনাও সামনে এনেছেন। তিনি তিন দশকের বেশি সময় ক্যালিফোর্নিয়ায় বসবাস করেছিলেন। কিন্তু ২০২৫ সালের সেপ্টেম্বরে নিয়মিত অভিবাসনসংক্রান্ত সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে আটক হন এবং পরে তাকে ভারতে ফেরত পাঠানো হয়। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস ও জীবন গড়ে তোলার পরও বহিষ্কারের আদেশের কারণে অভিবাসীদের যে অনিশ্চয়তার মুখে পড়তে হয়, তার উদাহরণ হিসেবে এ ঘটনাটি তুলে ধরেছেন বিলের উদ্যোক্তারা।

প্রতিনিধি জো লোফগ্রেন বলেন, যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসকারী এবং এ দেশেই নিজেদের জীবন গড়ে তোলা মানুষের জন্য পুরোনো বহিষ্কার আদেশ নিষ্পত্তি করে বৈধ স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার একটি ন্যায্য পথ তৈরি করবে এ প্রস্তাব।

নিউজউইকের প্রতিবেদনে কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের একটি প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সংস্থাটির অ-আটক তালিকায় থাকা প্রায় ১৬ লাখ মানুষের বিরুদ্ধে বহিষ্কারের চূড়ান্ত আদেশ ছিল। তবে বহিষ্কারের চূড়ান্ত আদেশ থাকলেই কাউকে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হয় না।

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণ ও বহিষ্কার কার্যক্রম জোরদার করেছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরে আইসিই ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনকে বহিষ্কার করেছে। একই সময়ে ৪ লাখ ৯১ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে প্রস্তাবিত বিলটির ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে। কংগ্রেসে আইনটি পাসের জন্য প্রয়োজনীয় সমর্থন পাওয়া এবং প্রেসিডেন্টের অনুমোদন—দুই ক্ষেত্রেই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এটি। প্রতিবেদনে নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ পাওয়ার কথা উল্লেখ করা হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো দেওয়ার সাংবিধানিক ক্ষমতা বহাল থাকবে।

ট্রাম্প সম্প্রতি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিছু অভিবাসীর বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতার সম্ভাবনার কথা বললেও সাধারণ ক্ষমার মতো কোনো চুক্তিতে রাজি নন বলে জানিয়েছেন। ফলে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের জন্য নতুন করে বৈধ স্থায়ী বসবাসের সুযোগ তৈরির এ উদ্যোগ শেষ পর্যন্ত কতটা এগোবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ