যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে। ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামের এই সড়কটি শিকাগোর অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত। ২২ নভেম্বর স্থানীয় সময় দুপুর ১২টায় বৃষ্টিভেজা পরিবেশে আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করা হয়।
শিকাগো সিটি কাউন্সিলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার নামে সড়কটির নামকরণ করা হয়। গত ২৩ সেপ্টেম্বর ২০২৬ সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ-সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করেন। পরে কাউন্সিলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাস হয়।
সড়কটির বিশেষ তাৎপর্য রয়েছে ভৌগোলিক অবস্থানের কারণে। এর পাশেই অবস্থিত শিকাগোর বিশ্বখ্যাত ১১০ তলা উইলিস টাওয়ার, যা একসময় সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। একসময় বিশ্বের সর্বোচ্চ ভবন হিসেবে পরিচিত এই স্থাপনার কাঠামোগত নকশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান (এফ আর খান)। তাঁর অনন্য স্থাপত্য-প্রকৌশল কীর্তির কাছেই এখন শোভা পাচ্ছে বাংলাদেশের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার নাম।
নামকরণ উদ্যোগের অন্যতম উদ্যোক্তা শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতা শাহ মোজাম্মেল নান্টু। স্থানীয় বাংলাদেশি কমিউনিটিকে সঙ্গে নিয়ে তিনি এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করেন।
নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, শিকাগো সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
এ ছাড়া শিকাগোর বাংলাদেশি কমিউনিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ মোসাদ্দেক মিন্টু, জসীমউদ্দীন, ইকবাল কবির, দুলু মিয়া, হাদী ভূঁইয়া, মাহির শাহ, ফরহাদ আহমেদ, কাউন্টি শেরিফের প্রতিনিধি সালমান আফতাব, শাহ মোশাররফ ও ডা. মনজুরুল হক।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, উইলিস টাওয়ার দেখতে প্রতি বছর প্রায় ২৫ লাখ পর্যটক এই এলাকায় আসেন। ফলে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ নামটি আন্তর্জাতিক পর্যটক ও দর্শনার্থীদের কাছেও পরিচিতি পাওয়ার সুযোগ তৈরি করবে।
সিটি কাউন্সিলে নামকরণের প্রস্তাব উত্থাপন ও অনুমোদনের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে রয়েছে বাংলাদেশের জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর দীর্ঘ রাজনৈতিক ভূমিকা এবং দেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাঁর অবস্থান। এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিপুল ভোটে বিজয়ী হওয়ার বিষয়টিও গুরুত্ব পায়।
উল্লেখ্য, শিকাগোতে বাংলাদেশের আরেক সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেও একটি সড়ক রয়েছে। ২০১৪ সালে শহরটির একটি সড়কের নামকরণ করা হয় ‘Honorary Ziaur Rahman Way’। নতুন এই নামকরণের মধ্য দিয়ে শিকাগোতে বাংলাদেশের দুই বিশিষ্ট রাজনৈতিক নেতার নামে সড়কের নামকরণ হলো।
- যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’
- ডিসেম্বরে নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে বিনামূল্যে সবজি ও ফলমূল বিতরণ: ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য দ্বিতীয় দফায় দ্বিগুণ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ; নড়াইলসহ বিভিন্ন স্থানে হামলা-নির্যাতনের ঘটনায় মার্কিন প্রশাসনের হস্তক্ষেপ কামনা
- নিউইয়র্কে জালালাবাদ ল’ সোসাইটির নতুন কমিটি গঠন: অ্যাডভোকেট নাসির সভাপতি, অ্যাডভোকেট জুনেল সাধারণ সম্পাদক
- নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল: বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হাকিম জেফরিস
- UN General Assembly Adopts Rohingya Resolution with Overwhelming Support; Bangladesh Calls for Urgent Action on Repatriation

