Thursday, 10 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মেজবান নিউইয়র্কের ব্রঙ্কসে জন্মাষ্টমী উপলক্ষে পূজা কমিটির বর্ণাঢ্য আয়োজন FLUSHING MAN SENTENCED TO 25 YEARS TO LIFE IN PRISON FOR 2022 SHOOTING NEAR BODEGA বি১/বি২ ভিসায় চাকরি-সাংবাদিকতা নয়, জন্ম পর্যটনেও নিষেধাজ্ঞা; ভিজিটর ভিসার অপব্যবহার নিয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘এটি ১৯৪৫ নয়, ৮১তম অধিবেশন’: বৈশ্বিক আস্থা ফেরানোর অঙ্গীকারে জাতিসংঘে বাংলাদেশের খলিলুর রহমান ‘This Is Not 1945’: UN Opens 81st Session With Call to Rebuild Global Trust নিউইয়র্কের ‘লেবার পাওয়ার ১০০’-এ বাংলাদেশি-আমেরিকান মাফ মিসবাহ উদ্দিন ২৫ বছর পর ৯/১১: নিউইয়র্ক থেকে ওয়াশিংটন, শুক্রবার যেভাবে স্মরণ করবে আমেরিকা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে স্বদেশ ফোরামের ছড়া-কবিতা পাঠ ও আলোচনা
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ৫ হাজার মানুষের মেজবান

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: September 10, 2026 | 4:59 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নিউইয়র্কে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। জ্যাকসন হাইটসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষের অংশগ্রহণে প্রবাসের মাটিতে চট্টগ্রামের ঐতিহ্য পরিণত হয় এক বিশাল মিলনমেলায়।

গত ৬ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইমাম কাজী কাইয়ূম।

দোয়া মাহফিল শেষে পরিবেশিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এবারের আয়োজনে প্রায় ৫ হাজার মানুষ অংশ নেন। নিউইয়র্ক ছাড়াও উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা এ অনুষ্ঠানে যোগ দেন।

আয়োজকরা জানান, ২০১২ সাল থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তারা নিয়মিতভাবে এ মেজবানের আয়োজন করে আসছেন। শুরুতে যেখানে ৪০০ থেকে ৫০০ মানুষের জন্য আয়োজন করা হতো, সময়ের সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। বর্তমানে এ আয়োজনের পরিসর পৌঁছেছে প্রায় ৫ হাজার মানুষের অংশগ্রহণে।

প্রবাস জীবনের ব্যস্ততা ও বিচ্ছিন্নতার মধ্যেও ধর্মীয় মূল্যবোধ, সামাজিক বন্ধন এবং আঞ্চলিক ঐতিহ্যকে একসঙ্গে ধরে রাখার এই আয়োজন প্রতি বছরই প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক সামসুল আলম চৌধুরী, কো-অর্ডিনেটর মনির আহমেদ এবং সদস্য সচিব সেলিম হারুন বলেন, শুধু একটি মেজবানের আয়োজন নয়—ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং চট্টগ্রামের শতবর্ষের ঐতিহ্যকে প্রবাসের নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যেই এ উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে।

তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে নিজেদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে সম্পৃক্ত রাখার প্রয়োজনীয়তা থেকেই এ ধরনের আয়োজনের গুরুত্ব দিন দিন বাড়ছে। একই সঙ্গে বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের একত্র হওয়ার সুযোগও তৈরি করছে এই আয়োজন।

আয়োজকরা জানান, গত এক যুগের বেশি সময় ধরে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সহযোগিতার কারণেই ছোট পরিসরের আয়োজন আজ হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে তারা প্রবাসী বাংলাদেশিদের সর্বাত্মক সহযোগিতা ও আন্তরিকতা কামনা করেন।

দোয়া মাহফিল ও মেজবানে অংশগ্রহণ করে আয়োজনকে সফল করায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটির নেতারা। ধর্মীয় আবহ, প্রবাসীদের ব্যাপক উপস্থিতি এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের সমন্বয়ে জ্যাকসন হাইটসের এ আয়োজন এবারও প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় সামাজিক ও ধর্মীয় সমাবেশে পরিণত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ