যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা
নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে আগামী ১ নভেম্বর রোববার থেকে ডেলাইট সেভিং টাইমের (ডিএসটি) অবসান ঘটছে। এদিন ভোররাত ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে ১টায় নিতে হবে। এর মধ্য দিয়ে শুরু হবে স্ট্যান্ডার্ড টাইম বা শীতকালীন সময়সূচি। যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে এ নিয়ম কার্যকর হবে।
শনিবার দিবাগত রাত শেষে রোববার ভোরে সময় পরিবর্তন হবে। আইফোনসহ অধিকাংশ স্মার্টফোন, কম্পিউটার ও ডিজিটাল ডিভাইসে সময় স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হবে। তবে প্রচলিত দেয়ালঘড়ি, হাতঘড়ি ও অন্যান্য ম্যানুয়াল ঘড়ির সময় ব্যবহারকারীদের নিজেরাই এক ঘণ্টা পিছিয়ে নিতে হবে।
নতুন সময়সূচি কার্যকর হওয়ার ফলে নিউইয়র্কের সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান বেড়ে দাঁড়াবে ১১ ঘণ্টা। অর্থাৎ বাংলাদেশে যখন দুপুর ১২টা বাজবে, তখন নিউইয়র্কে একই দিনে রাত ১টা বাজবে।
আগামী ১৪ মার্চ ২০২৭, রোববার ভোর ২টায় আবার ডেলাইট সেভিং টাইম শুরু হবে। তখন ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ৩টায় নিতে হবে। এর আগে চলতি বছরের ৮ মার্চ রোববার যুক্তরাষ্ট্রের অধিকাংশ এলাকায় ডেলাইট সেভিং টাইম চালু হয়েছিল।
যুক্তরাষ্ট্রে প্রতিবছর দুবার সময় পরিবর্তনের এ নিয়ম অনুসরণ করা হয়। বসন্তে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে এবং শরতে এক ঘণ্টা পিছিয়ে নেওয়া হয়। মূলত দিনের আলোকে অধিক সময় কাজে লাগানো এবং বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে এ ব্যবস্থা চালু করা হয়েছিল।
তবে যুক্তরাষ্ট্রের সব এলাকায় ডেলাইট সেভিং টাইম কার্যকর নয়। হাওয়াই অঙ্গরাজ্য এবং অ্যারিজোনার অধিকাংশ এলাকায় সারা বছরই একই সময়সূচি অনুসরণ করা হয়। অ্যারিজোনার নাভাহো নেশন অবশ্য ডেলাইট সেভিং টাইম মেনে চলে।
প্রথম বিশ্বযুদ্ধের সময় জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইম চালু করা হয়। এর আগে ১৯১৬ সালের ৩০ এপ্রিল জার্মানিতে প্রথম এ পদ্ধতি কার্যকর হয়েছিল। পরবর্তী সময়ে ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশ দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এ ব্যবস্থা গ্রহণ করে।
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা; মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বন্ধ থাকছে নিবন্ধন কার্যক্রম, নতুন আইনি পদক্ষেপের ঘোষণা
- কূটনৈতিক তৎপরতায় সাফল্য, এলডিসি উত্তরণে ৩ বছর বাড়তি সময় পেল বাংলাদেশ
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন সাত বিশিষ্ট ব্যক্তি
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন আরও পিছোল, ১৭ ডিসেম্বরের মধ্যে উভয় পক্ষকে বক্তব্যের সমর্থনে তথ্য-উপাত্ত জমার নির্দেশ

