Thursday, 5 November 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২৩৭ আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা বাংলাদেশের জেল হত্যা দিবসে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আলোচনা সভা যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ চলছে প্রতিনিধি পরিষদের ৪৩৫ ও সিনেটের ৩৫ আসনে ভোট; ৩৬ রাজ্যে গভর্নর নির্বাচনের লড়াই New York Attorney General James Secures $220 Million from General Motors for Selling Drivers’ Private Data সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! নিউইয়র্কে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ যুক্তরাষ্ট্র’র আয়োজনে ‘৫ আগস্ট পরবর্তী বাংলাদেশের বিচার বিভাগের কার্যক্রম ও সমসাময়িক প্রেক্ষাপট’ নিয়ে সেমিনার হারিকেন স্যান্ডির ক্ষত থেকে শিক্ষা; সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ ও ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখতে নিউইয়র্কে সংবাদ সম্মেলন দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২৩৭ আসনে এগিয়ে ডেমোক্র্যাটরা

অনলাইন ডেস্ক পঠিত: 114 বার

প্রকাশিত: November 5, 2026 | 2:30 am

নিউজ২৪ইউএসএ.কম, নিউইয়র্ক :যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টিকে বড় ধরনের পরাজয়ের মুখে ফেলেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। নির্বাচনের সর্বশেষ ফলাফলে সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ডেমোক্র্যাটরা। এর মধ্য দিয়ে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

নির্বাচন-পরবর্তী ফলাফল অনুযায়ী, ১০০ সদস্যের সিনেটে ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ৫৪টি আসন। বিপরীতে রিপাবলিকানদের দখলে রয়েছে ৪৩টি আসন। বাকি তিনটি আসনের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। ফলে ফলাফল চূড়ান্ত হওয়ার আগেই সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা।

সিনেটে প্রতি দুই বছর পর পর এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় এবারের মধ্যবর্তী নির্বাচনে ৩৫টি আসনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনের আগে সিনেটে রিপাবলিকানদের ৫৩টি এবং ডেমোক্র্যাটদের ৪৫টি আসন ছিল। এ ছাড়া দুই স্বতন্ত্র সিনেটর ডেমোক্র্যাটদের সঙ্গে সমন্বয় করে কাজ করতেন। এবারের নির্বাচনে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা অন্তত সাতটি আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।

অন্যদিকে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলেও এগিয়ে রয়েছে ডেমোক্রেটিক পার্টি। সর্বশেষ হিসাব অনুযায়ী, দলটি পেয়েছে ২৩৭টি আসন। রিপাবলিকানদের দখলে রয়েছে ১৪৭টি আসন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ২১৮টি আসন। ফলে এ কক্ষেও ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।

কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানো রিপাবলিকান পার্টির জন্য ট্রাম্পের প্রেসিডেন্সির মেয়াদে বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। কারণ, কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় প্রেসিডেন্টের আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও প্রশাসনিক নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক সমীকরণ বদলে যাবে।

শুধু কংগ্রেস নয়, গভর্নর নির্বাচনেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ডেমোক্রেটিক পার্টি। দীর্ঘদিন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা জর্জিয়া, টেক্সাস, ওহাইও ও আইওয়া অঙ্গরাজ্যে গভর্নর পদে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এসব রাজ্যে রিপাবলিকানদের দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে নির্বাচনের ফলাফল।

প্রতিনিধি পরিষদের নির্বাচনেও রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত একাধিক আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। বিশেষ করে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে যেসব এলাকায় ডোনাল্ড ট্রাম্প উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেসব এলাকার কয়েকটিতে এবার রিপাবলিকান প্রার্থীদের পরাজিত করেছেন ডেমোক্র্যাটরা।

ইন্ডিয়ানা, আইওয়া, নিউ জার্সি, নর্থ ক্যারোলাইনা ও টেক্সাসে রিপাবলিকানদের কাছ থেকে একাধিক আসন ছিনিয়ে নিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। এর মধ্যে ইন্ডিয়ানা-৫ আসনে রিপাবলিকান কংগ্রেস সদস্য ভিক্টোরিয়া স্পার্টজকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জে ডি ফোর্ড। উল্লেখ্য, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই আসনে ডোনাল্ড ট্রাম্প প্রায় ১৭ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। সেই আসনে এবার ডেমোক্র্যাট প্রার্থীর জয়কে রিপাবলিকানদের জন্য তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

নির্বাচনের এসব ফলাফল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় আগামী দিনগুলোতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিরোধী দলের রাজনৈতিক ও নীতিগত দ্বন্দ্ব আরও জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

তথ্যসূত্র: ফক্স নিউজ, সিবিএস নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, এনবিসি নিউজ ও টেক্সাস ট্রিবিউন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ